images

দেশজুড়ে

পানিবাহিত রোগের শঙ্কায় আতঙ্কে এলাকাবাসী

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:২০ এএম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে বিভিন্ন কারখানার দূষিত পানি ও বন্যার ময়লা পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের আশঙ্কা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত কালিয়াকৈর পৌরসভায় প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। গত তিন দিনের টানা বর্ষণে পৌরসভার বিশ্বাসপাড়া, হরিণহাটি, উলুসরা, পল্লীবিদ্যুৎ দীঘিরপাড়, জোড়া পাম্প, হরতকিতলা, ডাইনকিনী, পূর্ব চান্দ্রাসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন পৌরবাসী।

সোমবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করে। তবে দূষিত পানির কারণে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, চর্মরোগ এবং জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক মানুষ এসব রোগে আক্রান্ত হচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতায় নোংরা পানি ও আবর্জনা ছড়িয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন। এলাকাবাসী দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে পৌরসভার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন জানান, সোমবার বিকেলে পানিবন্দি ৫০০ পরিবারের মধ্যে শুকনো খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর