images

দেশজুড়ে

নড়াইলে সন্ত্রাসী আবু বক্কর ইয়াবাসহ গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:১৪ পিএম

নড়াইলের কালিয়ায় হত্যা, চাঁদাবাজি ও লুটপাটসহ অন্তত সাতটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবু বক্করকে (২৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার পাঁচগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবু বক্কর কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের ইরান মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর দীর্ঘদিন ধরে পাঁচগ্রাম, পুরুলিয়া, হামিদপুর, গাজীহাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সম্প্রতি সাতবাড়িয়া গ্রামে সন্ত্রাসী হামলা, লুটপাট ও ভাঙচুরের ৪টি মামলাসহ তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মোট সাতটি মামলা রয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী

দীর্ঘদিন ধরে এই দাগি অপরাধীকে গ্রেপ্তারে জন্য অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত করে। পরে স্থানীয় ইউপি সদস্য জাবেদ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও বেশ কিছু চোরাই মালামালসহ আবু বক্করকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, চিহ্নিত সন্ত্রাসী আবু বক্করের বিরুদ্ধে কালিয়া থানায় হত্যা ও চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অন্য কোনো থানায় আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে