images

দেশজুড়ে

পিরোজপুরে স্কুলের পরীক্ষার প্রশ্নে শেখ মুজিব প্রসঙ্গ নিয়ে বিতর্ক

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:২৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ২০২৬ সালের প্রাক-নির্বাচনি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা পরীক্ষার একটি প্রশ্নপত্রকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্নপত্রটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়।

ভাইরাল হওয়া প্রশ্নপত্রে দেখা যায়, ১৪ জুলাই অনুষ্ঠিত ৭০ নম্বরের পরীক্ষায় দুটি সৃজনশীল প্রশ্ন ছিল। সেখানে বঙ্গবন্ধুর উপাধি, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, মুজিবনগর সরকার এবং যুক্তফ্রন্ট গঠনের কারণসহ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রশ্ন নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সূত্রপাত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন ছিল।

আরও পড়ুন
Web-Image---Copy

ইউনিয়ন পরিষদের কক্ষ ফেরিওয়ালাদের ভাড়া দিলেন চেয়ারম্যান

এ বিষয়ে খাস মহল লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষার প্রশ্ন আমরা নিজেরা প্রণয়ন করি না। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করা হয়। প্রশ্নগুলো সিলগালা অবস্থায় থাকে। পরীক্ষা কমিটি পরীক্ষার দিনই তা খোলে। আগে থেকে প্রশ্ন দেখার সুযোগ থাকে না। বিষয়টি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম বলেন, স্কুলের প্রশ্ন বাইরে থেকে করার সুযোগ নেই। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকেই প্রশ্ন নেওয়ার কথা। বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশ্ন এড়িয়ে চলা উচিত ছিল। প্রতিষ্ঠানের পরীক্ষা কমিটির প্রশ্নটি যাচাই-বাছাই করা প্রয়োজন ছিল।

আরটিভি/এমএইচজে