images

দেশজুড়ে

স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ, অতঃপর...

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৯:৩৫ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা গড়াই ব্রিজ থেকে তিনি নদীতে ঝাঁপ দেন।

নিখোঁজ শর্মিলা খাতুন (২৩) উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঘুরতে এসে তারা দেখেন শর্মিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তিনি কলেজ ব্যাগটি সেতুর ওপর রেখে নদীতে ঝাঁপ দেন। দৌঁড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে তিনি ভেসে যাচ্ছেন। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের ফোন নম্বর সংগ্রহ করে যোগাযোগ করেন। এ ছাড়া তারা পুলিশের জরুরি পরিষেবা নম্বরেও ফোন করেন।

আরও পড়ুন
Web-Image3

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে ভয়াবহ আগুন

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে শর্মিলার সঙ্গে আমার ঝগড়া হয়। এর পরে রাগ করে সে পরীক্ষা দিতে কলেজে যায়। পরে বাড়ি না ফিরলে হাসপাতাল, পার্কসহ বিভিন্ন বাজারে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া পায়নি। এর পর রাতে একজন ফোন করে জানায়, শর্মিলা নদীতে ঝাঁপ দিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, শর্মিলা নামে এক কলেজ শিক্ষার্থী নদীতে ঝাঁপ দিয়েছেন, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।

আরটিভি/আইএম