images

দেশজুড়ে

শরীয়তপুরে চায়ের দোকানে বসা নিয়ে দুই পক্ষের মারামারি ও ককটেল বিস্ফোরণ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ১২:৪১ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ও ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ককটেলের আঘাতে সোনামিয়া মাদবর (৩৯) ও বিল্লাল খাঁ (৩৯) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৭টার মধ্যে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের ছোট মূলনা নদীর পাড় সংলগ্ন রুহুল আমিন খাঁর চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মালেক বেপারী গ্রুপের সোনামিয়া মাদবরসহ কয়েকজন ছোট মূলনা নদীর পাড়ের ওই চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় ফারুক খলিফা গ্রুপের লোকজন তাদের দোকান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন
Web-Image---Copy

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

প্রত্যক্ষদর্শীদের মতে, রণক্ষেত্রে পরিণত হওয়া ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে প্রায় ২০-২৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেলের আঘাতে গুরুতর আহত হন বোয়ালিয়া এলাকার পতাই মাদবরের ছেলে সোনামিয়া মাদবর এবং চায়ের দোকানদারের ছেলে বিল্লাল খাঁ (পিতা- রুহুল আমিন খাঁ)। পরবর্তীতে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহম্মেদ জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে