বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০২:২১ পিএম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শ্রী সম্রাট দাস (২৭), মো. হাবিবুর রহমান (২৮), মো. বিপ্লব (২৪) ও মো. নাদিম হাসান (২১)।
সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল আশুলিয়ার জিরাবো এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজির বেশি গাঁজাসহ আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মাদকমুক্ত, সন্ত্রাস দমন কার্যক্রমসহ অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এমএইচজে