images

দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩৪ লাখ টাকার মোবাইলের যন্ত্রাংশ জব্দ

বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ০৩:৩৬ পিএম

সাতক্ষীরা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সর্বমোট মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার ৩০০ টাকা।

মঙ্গলবার (১৪ জুলাই) সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী ও কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান থেকে এবং কালিয়ানী বিওপির অভিযানিক দল একই উপজেলার বড় পুকুর নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

আরও পড়ুন
Web-Image---Copy

সমবায় সমিতির টাকা নিয়ে উধাও আ.লীগ নেতা

এ ছাড়াও কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে