images

দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছের ঘেরেই পড়ে ছিলেন মোশারফ, অতঃপর...

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:৪৪ পিএম

রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালুখালী উপজেলার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মোশারফ খান (৪০) উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে খাবার শেষ করে মোশারফ খান তার মাছের ঘেরে যান। আজ সকাল ৯টার দিকে এক পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে পানির মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

আরও পড়ুন
Web-Image7

মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

পরে তিনি দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্য থেকে মোশারফের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং পানিতে পড়ে মারা যান। 

এ বিষয়ে কালুখালী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন‌্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম