বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১০:২৩ পিএম
ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ১৬৯তম রথযাত্রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই সাচার বাজার পরিণত হয় ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত লাখো সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সকালে মন্দিরে পূজা-অর্চনা, প্রণাম ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। ভক্তরা ভগবান শ্রীজগন্নাথের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রার্থনায় অংশ নেন। দুপুর গড়িয়ে বিকেলে উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা শুরু হয়। বিকেল ৫টার দিকে পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার পর্যন্ত ঐতিহ্যবাহী রথটি লাখো ভক্তের সম্মিলিতভাবে রশি টানার মধ্য দিয়ে শোভাযাত্রায় এগিয়ে যায়। এ সময় চারদিকে ধ্বনিত হতে থাকে ভক্তিমূলক সঙ্গীত, শঙ্খধ্বনি ও হরিনাম-সংকীর্তন।
রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সাচার জগন্নাথ ধাম পূজা সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা জানান, সাচার বাজারে প্রতিবছরই শতবর্ষের ঐতিহ্য ধরে রথযাত্রা উদযাপন করা হয়। এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সম্প্রীতির মধ্য দিয়ে উৎসব সম্পন্ন করতে আয়োজকেরা সকাল থেকেই নিরলসভাবে কাজ করেছেন।
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী পূজা-অর্চনা, কীর্তন, ভক্তিমূলক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তরা নিজেদের ও পরিবারের সুখ, শান্তি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন।
আরটিভি/টিআর