images

দেশজুড়ে

রংপুরে পানিতে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ০৮:৩২ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার  মদনখালী ইউনিয়নের খেরুয়া আলমপুর গ্রামের ধারাকোল বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. রোজাতুল খাতুন (১৫) খেরুয়া আলমপুর গ্রামের বাসিন্দা মোঃ রজ্জব আলীর মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির কয়েকজনের সঙ্গে ধারাকোল বিলে গোসল করতে যান রোজাতুল। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালান। পরে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রোজাতুলের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন
Web-Image

রংপুরে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, "ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এ ঘটনায় খেরুয়া আলমপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বর্ষা মৌসুমে বিল ও জলাশয়ের পানি বেড়ে যাওয়ায় ডুবে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। তাই শিশু-কিশোরদের একা জলাশয়ে গোসল বা সাঁতার কাটতে না দেওয়ার জন্য তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি