images

দেশজুড়ে

চোরাই মোটরসাইকেল ‘ফেরত দেওয়ার আশ্বাসে’ টাকা আদায়, অতঃপর...

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ১২:২২ পিএম

নোয়াখালীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সদর উপজেলার কাঞ্চন মেম্বারের পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাতিয়া উপজেলার শূণ্যের চর এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. ফয়সাল (৩৫) ও সুবর্ণাচর উপজেলার চর আলাউদ্দিনের রফিক উল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

পুলিশ জানিয়েছে, গত ১২ জুলাই রাত ১০টার দিকে নোয়াখালী জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাংবাদিক আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি চুরি হয়। পরদিন এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেন। এর দুই মাস আগে সোনাপুর থেকে জয়দেব নামে অপর এক যুবকের একটি মোটরসাইকেল চুরি হয়। 

শুক্রবার ফয়সাল (চোরচক্রের সদস্য) জয়দেবের মোটরসাইকেলটি ফেরত দেওয়ার কথা বলে তার কাছ থেকে বিকাশে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু টাকা পাওয়ার পর মোটরসাইকেল ফেরত দিতে  গড়িমসি শুরু করেন তিনি।

Capture

একপর্যায়ে আরও টাকা দেওয়ার কথা বলে জয়দেব ও তার বন্ধুরা কৌশলে ফয়সাল ও জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পুলিশে খবর দেন। এ সময় সুধারাম মডেল থানার এস আই ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ফয়সাল ও জাহাঙ্গীরের কাছ থেকে প্রথমে আবু নাছের মঞ্জুর মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে রাতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়দেবের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

আরও পড়ুন
Web-Image10

ছেলেকে রেখে পানি আনতে যান তাহমিনা, অতঃপর...

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ফয়সাল ও জাহাঙ্গীর আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে এক জেলা থেকে মোটরসাইকেল চুরির পর অন্য জেলায় পাচার করে আসছে। তারা নোয়াখালী থেকে গত কয়েকদিনে আরও কয়েকটি মোটরসাইকেল চুরি করে বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও বলেন, চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।

আরটিভি/আইএম