শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৫:৩৭ পিএম
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।
শনিবার (১৮ জুলাই) ভোরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে স্থাপিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরের দিকে ‘আল-সাদিক হৃদয়’ নামে একটি ফেসবুক আইডি থেকে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি জ্বলন্ত কাপড় স্মৃতি স্তম্ভের দিকে নিক্ষেপ করছেন। এরপর সেখানে আগুন জ্বলতে দেখা যায়।
এ ঘটনায় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন বলেন, গত ৯ জুন নেত্রকোনার জুলাই স্মৃতিস্তম্ভেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর আমরা কয়েকদিন পাহারা দিয়েছি। কিন্তু প্রতিদিন পাহারা দেওয়া সম্ভব নয়। এ ধরনের স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও প্রকাশ্যে চলাফেরা করছে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন ঘটনা ঘটছে।
জামালপুর জেলা ছাত্রশক্তির নেতা আমিনুল এহসান বলেন, আজ তারা শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয়, বাংলাদেশের হৃদপিণ্ডে আগুন দিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের পর বড় বড় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ছোটখাটো লোকজনকে ধরা হচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনে যান জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত ছাড়া এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।
আরটিভি/এমএইচজে