images

দেশজুড়ে

নওগাঁয় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৬:০২ পিএম

​নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজের শয়নকক্ষে কাজ করার সময় রাকিবুলকে একটি বিষধর সাপ ছোবল দেয়। বিষের তীব্রতায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে না নিয়ে, পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে ওঝার ঝাড়ফুঁকে দীর্ঘক্ষণ মূল্যবান সময় নষ্ট হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা বলেন, রোগীকে হাসপাতালে আনার আগেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। যার ফলে যথাযথ চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন
Web-Image---Copy

ঘুষের দ্বন্দ্বে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এখন ‘মশার খামার’!

​তিনি আরও বলেন- সাপে কাটার পর ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। রোগীকে যত দ্রুত হাসপাতালে আনা সম্ভব হবে, তার বেঁচে থাকার সম্ভাবনা ততটাই বেড়ে যায়।

​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সাপের কামড়ের পর আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। রোগীকে কোনোভাবেই আতঙ্কিত হতে দেওয়া যাবে না, শান্ত রাখতে হবে। আক্রান্ত স্থান বা অঙ্গটি যতটা সম্ভব নড়াচড়া না করে স্থির রাখতে হবে। ​কোনো ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে, যেখানে অ্যান্টিভেনম বা যথাযথ চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

আরটিভি/এমএইচজে