images

দেশজুড়ে / রাজনীতি

স্থায়ী নদীশাসনের আশ্বাস এমপি বাবুলের

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৬:২৯ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

রোববার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ঘাট ও চরবলাশিয়া ঘাটসহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্থানীয়দের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি জনগণের আস্থার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদী-খাল খনন ও কৃষকের উন্নয়নে কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আগামী দিনের বাংলাদেশ হবে একটি স্বনির্ভর বাংলাদেশ।

তিনি আরও বলেন, আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হবে। পাশাপাশি আগামী শুকনো মৌসুমে আকোটেরচর ইউনিয়নের মাথাভাঙ্গা থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত স্থায়ী নদীশাসনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে নদীভাঙনে আর কোনো মানুষের ঘরবাড়ি ও ফসল নদীগর্ভে বিলীন না হয়।

এ সময় নদীতীরবর্তী এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা বলেন, আমরা কোনো ত্রাণ বা সাহায্য চাই না। আমরা চাই নদীভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ী নদীশাসনের ব্যবস্থা করা হোক।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাঈদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরটিভি/টিআর