সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০১:৩৯ পিএম
যশোরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং হেলপার নীরব। ট্রলিচালক ও হেলপার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল একটি ট্রলি।
পথিমধ্যে রুদ্রপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষা নিহত হন।
পরে স্থানীয়রা আহত রুবেল, ট্রলিচালক ও হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম