সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০২:৩৭ পিএম
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ার পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান ওরফে লাল্টু (৩৫) সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
লাল্টুর নিকটাত্মীয় শেখ জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন।
সোমবার ভোরেও ওই এলাকায় তিনি বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। এর আগে সেখানে রান্না করে তারা সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি চলে যান।
এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে লাল্টু মারা যান।
আরটিভি/আইএম