সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৭:২৬ পিএম
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে ছিল উৎসবের আমেজ। তবে নাটকীয় লড়াই শেষে স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার পরাজয়ে সেই উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হয় বিষাদে। প্রিয় দলের জার্সি পরা হাজারো বাংলাদেশি সমর্থকের সঙ্গে এই বেদনার সাক্ষী হন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
রোববার (১৯ জুলাই) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ভুভুজেলার শব্দে পুরো সম্মেলন কেন্দ্র যেন রূপ নেয় এক টুকরো আর্জেন্টিনায়।
খেলা শুরুর আগে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিয় দলের দেশের রাষ্ট্রদূতকে কাছে পেয়ে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
এর আগে গত ২৮ জুন জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ উপভোগ করতেও ডিআইইউ ক্যাম্পাসে এসেছিলেন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সে সময় তার সঙ্গে আর্জেন্টিনা থেকে আসা কয়েকজন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারও উপস্থিত ছিলেন।
রোববার রাত ১০টা থেকেই পছন্দের দলের জার্সি, পতাকা ও ভুভুজেলা নিয়ে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে জড়ো হতে থাকেন দর্শকরা। খেলা শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি।
বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমে মুগ্ধতা প্রকাশ করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনার মানুষের আবেগের মধ্যে গভীর মিল রয়েছে। এই অভিন্ন ভালোবাসাই দুই দেশের মানুষের মধ্যে এক বিশেষ বন্ধন তৈরি করেছে।
মাঠের লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। তবে প্রতিপক্ষের নিয়ন্ত্রণের মধ্যেও আত্মবিশ্বাস হারাননি আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচের অতিরিক্ত সময়ে মেরিনো ও কুবার্সির দৃঢ় রক্ষণে আর্জেন্টিনার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয়। লিওনেল মেসির ফ্রি-কিক থেকে গোলমুখে বল পেয়েও সিমিওনে পা ছোঁয়াতে ব্যর্থ হন। পরে তার আরেকটি শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে গ্যালারিতে নেমে আসে হতাশা। শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বজয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বদলে যায় সম্মেলন কেন্দ্রের পরিবেশ। একদিকে স্পেন সমর্থকদের উল্লাস, অন্যদিকে নীরবে প্রস্থান করেন আর্জেন্টিনার ভক্তরা। অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
আরটিভি/এমএইচজে