images

দেশজুড়ে

বন্যায় বিপর্যস্ত বান্দরবানের কৃষিখাত

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৭:৩৮ পিএম

বন্যায় বান্দরবানের কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা সদরসহ সাতটি উপজেলার বিভিন্ন স্থানে ফসল ও সবজিক্ষেত বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। পাহাড়ের ঢাল ও সমতলে চাষ করা আউশ ধান, কলা, পেঁপে এবং বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি খাতকে পুনরায় ঘুরে দাঁড় করাতে সহজ শর্তে ঋণ, বিনামূল্যে বীজ ও চারা বিতরণ এবং প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

পাহাড়ি ঢল ও বন্যার কারণে জেলার বিস্তীর্ণ এলাকার সবজিক্ষেত, আউশ ধান এবং বিভিন্ন ফলের বাগান তলিয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার লেমুঝিরী, গোয়ালিয়াখোলা, সাতকমল এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে। প্লাবিত হওয়ায় কৃষিজমি ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে স্থানীয় পর্যায়ে শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সংকট এবং দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কৃষি বিভাগ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে। কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সহজ শর্তে কৃষিঋণ, বিনামূল্যে বীজ ও সার এবং প্রণোদনা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আরও পড়ুন
Web-Image---Copy

হঠাৎ নেত্রকোণার দুই এলাকায় বন্যা

স্থানীয় কৃষকদের মতে, মৌসুমি শাকসবজি ও ফসলি জমি পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া পাহাড়ের ঢাল ও সমতলে চাষ করা বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন শাকসবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের দাবি, স্থানীয় ব্যাংক ও মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে তারা বাগান ও সবজি চাষ করেছিলেন। কিন্তু ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা মনে করেন, সহজ শর্তে ঋণ, বিনামূল্যে বীজ ও চারা বিতরণ এবং প্রণোদনাসহ সার্বিক সহযোগিতা পেলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু নাঈম মো. সাইফুদ্দিন বলেন, অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যায় কৃষি খাতে ২ হাজার ১০৪ হেক্টর কৃষিজমি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩৬৮ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৩২৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে তাদের বিনামূল্যে বীজ, সার এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়াসহ সরকারের সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।

পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল (এমপি) বলেন, কৃষি খাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

আরটিভি/এমএইচজে