সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৯:৪৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় কিস্তির টাকা সংগ্রহ করতে গিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামে এক এনজিওকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরীতলা) গ্রামের বাসিন্দা। তিনি ‘রিক’ নামে একটি এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাকিবুল কিস্তির টাকা সংগ্রহ করতে রাধানগর কলোনির একটি বাড়িতে গিয়ে ঘরে একা থাকা ওই শিশুকে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ বিকেলে এনজিওর কার্যালয় থেকে রাকিবুলকে আটক করে। এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মামলা রেকর্ড, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি গ্রহণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে