মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১০:৫৯ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী (৪০) উপজেলার সাতগাঁও গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দুধ মিয়ার সঙ্গে হাঁস কেনাবেচার টাকা-পয়সা নিয়ে মোহাম্মদ আলীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুধ মিয়া লাঠি দিয়ে মোহাম্মদ আলীকে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তার মাথায় পানি ঢেলে প্রাথমিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজিব চন্দ্র সরকার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/আইএম