মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১১:২৯ এএম
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের এক সেনা সদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদী সাঁতরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।
আরটিভি/টিআর