images

দেশজুড়ে

হঠাৎ নদীতে ভেসে এলো কফিন, ঘটনা কী

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১২:১০ পিএম

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীতে একটি খালি কফিন ভেসে আসার ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কফিনটি খুলে ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। 

সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার মরিচারচর (টানমলামারি) গ্রামে গ্রামের ব্রহ্মপুত্র নদীতে কফিনটি ভেসে আসে। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল (৩৫) কৌতূহলবশত কফিনটি তুলে বাড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর পরামর্শে সেটি তিনি আবার নদীতে ভাসিয়ে দেন।

আব্দুল আউয়াল বলেন, ‘প্রথমে না বুঝেই কফিনটি বাড়িতে নিয়ে এসেছিলাম। পরে স্থানীয়দের পরামর্শে আবার নদীতে ভাসিয়ে দিয়েছি।’

প্রত্যক্ষদর্শী ইব্রাহীম খলিল, মোজাম্মেল হক ও ফারুক হোসেন বলেন, আমাদের ধারণা কফিনটি উজানের ময়মনসিংহ বা জামালপুরের দিক থেকে স্রোতে ভেসে এসেছে। এমনও হতে পারে দেশে চলমান বন্যা পরিস্থিতিতে নিহত কোনো ব্যক্তির মরদেহ দাফন করতে না পেরে কফিনে ভরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। পরে প্রবল স্রোতে মরদেহ ও কফিন আলাদা হয়ে যাওয়ায় খালি কফিনটি আমাদের এলাকায় এসে পৌঁছেছে। তবে এটি আমাদের ধারণা মাত্র, বিষয়টি ভিন্নও হতে পারে।

আরও পড়ুন
Web-Image6

জোয়ারের পানিতে ভেসে এলো মরদেহ, গায়ে ছিল হাফ টি-শার্ট

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রথমে তারা ধারণা করেছিলেন কফিনের ভেতরে মরদেহ রয়েছে। তবে খুলে দেখার পর সেটি খালি পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে অনেক মানুষ কৌতূহলবশত কফিনটি দেখতে আসেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বা বাসিন্দাদের কেউ পুলিশকে অবগত করেননি। শুনেছি, একটি খালি কফিন নদীতে ভেসে এসেছিল। পরে স্থানীয়রা সেটি আবার নদীতে ভাসিয়ে দিলে তা অন্যত্র চলে যায়।

আরটিভি/আইএম