images

দেশজুড়ে

৪ ঘণ্টা পেরোলেও স্বাভাবিক হয়নি রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ১২:২৪ পিএম

রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা (ঘুষ) আদায়ের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ট্রাভেলিং টিকিট এক্সামিনারদের (টিটিই) বিরুদ্ধে। 

মঙ্গলবার (২১ জুলাই) অভিযুক্তদের শাস্তির দাবিতে সকাল সাড়ে ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা-সংলগ্ন এলাকায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আরও পড়ুন
Web-Image13

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফুরকান উদ্দিন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিইরা টাকা আদায় করছিলেন। এর প্রতিবাদ করলে তাকে পেছন থেকে গলা ধরে দুই বগির মাঝখানে নিয়ে যান ৬-৭ জন টিটিই। এরপর তার ঘাড় ও পিঠে উপর্যুপরি মারধর করা হয়। একপর্যায়ে তাকে ট্রেনের দরজার কাছে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে সকাল থেকেই চার দফা দাবি নিয়ে রেললাইন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো হলো-
অভিযুক্ত টিটিইকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থিত করে জবাবদিহির আওতায় আনা।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ।
ভুক্তভোগী শিক্ষার্থীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করা।

আন্দোলনকারী শিক্ষার্থী ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এই চার দফা দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত রেল অবরোধ চলবে। আমরা এখন রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলোর বাস্তবায়ন দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ প্রত্যাহার করব না।

আরটিভি/টিআর