images

দেশজুড়ে

বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৪:৩৬ পিএম

দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়ার পথে অপহরণের শিকার হলেন অটোরিকশাচালক মো. সুন্দর আলী (৪৬) নামে এক ব্যক্তি। অপহরণের পর তাকে আটকে রেখে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে একটি চক্র। পরে র‍্যাব-১০ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুদ্দুস মিয়া (৩৮), জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), রাকিব হাওলাদার (২৬) ও অপু মীর ওরফে বায়জিদ (৩৫)।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে র‍্যাব-১০ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চর কুন্দলিয়া গ্রামের বাসিন্দা সুন্দর আলী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের উদ্দেশে গত ১৯ জুলাই বিকালে গোলাম বাজার থেকে রামেরকান্দা এলাকায় মেয়ে দেখতে রওনা হন। পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে গ্রেপ্তার কুদ্দুসসহ চারজন তাকে মারধর করে জোর পূর্বক রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যান। সেখানে সুন্দর আলীকে ভয়-ভীতি দেখিয়ে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার 

পু‌লিশ কর্মকর্তা বলেন, ‘‘প্রথমে পরিবার নগদের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠায়। এরপরও ভুক্তভোগীকে মুক্তি না দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়। পরে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার করে পরিবার আরও ৩৯ হাজার টাকা অপহরণকারীদের মোবাইল ব্যাংকিংয়ে পাঠায়।

তিনি আরও জানান,পরবর্তীতে ভুক্তভোগীর স্বজন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন এবং একই সঙ্গে র‍্যাব-১০-এর কাছে উদ্ধার অভিযানের আবেদন জানান। অভিযোগের ভিত্তিতে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। এর ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে রাকিবের ভাড়া বাসা থেকে তালাবদ্ধ অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।

পুলিশ সুপার সোনালী সেন বলেন, ‘‘কুদ্দুসের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনসহ মোট চারটি মামলা রয়েছে। জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা, রাকিবের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা এবং অপু মীরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও নারী-শিশু নির্যাতনসহ চারটি মামলা রয়েছে।

আরটিভি/ এসকেডি