মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৬:৪৩ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ডাকাতিকালে সৌরভ (২২) নামে এক ডাকাতদলের সদস্যকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় অন্যান্য ডাকাতদলের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার সৌরভ উপজেলার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা।
এলাকাবাসী, হোটেল কতৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ করে ৪টি মোটরসাইকেল যোগে সৌরভ, সাগর, বাদল, রাকিবসহ ৭ থেকে ৮ জন ডাকাতদলের সদস্যরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় জমিদার নামে একটি খাবার হোটেল ঢুকে ম্যানেজারকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ক্যাশের টাকা লুটপাট চালায়। এ সময় হোটেলে থাকা লোকজনের চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে গেলেও সৌরভকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশ পৌঁছে ডাকাতদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি দেশীর চাকু উদ্ধার করে। সৌরভের নামে একাধিক ডাকাতি মামলা আছে বলে জানিয়েছে থানা পুলিশ।
জানা গেছে এই ডাকাতদলের নেতা উপজেলার বিশ্বাস পাড়া এলাকার পিচ্চি আকাশ। তার ছত্র-ছায়ায় উপজেলার সহ বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্ম হয়। গত কয়েকদিন আগে পুলিশ পিচ্চি আকাশকে গ্রেপ্তার করে গাজীপুর জেল হাজতে পাঠায়। কিন্তু পিচ্চি আকাশ গ্রেপ্তার হলেও তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়তই ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে যাচ্ছে। তাদের ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে চান না।
মঙ্গলবার দুপুরে সৌরভকে ডাকাতি মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সৌরভ নামে এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতদলের সদস্যরা সবাই পিচ্চি আকাশ বাহিনীর সদস্য। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
আরটিভি/এমএইচজে