images

দেশজুড়ে

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১১:০৬ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওবায়দুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার ময়েন প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

আরও পড়ুন
Web-Image6

দুর্গন্ধে মিলল খোঁজ, দরজা ভেঙে ববি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আর্থিক সংকট ও পারিবারিক নানা বিষয় নিয়ে ওবায়দুরের সঙ্গে পরিবারের সদস্যদের প্রায়ই বিরোধ হতো। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্ত্রী সখি বেগম জানান, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। কিছু টাকা সঞ্চয় করেছিলেন। পরে অনলাইন জুয়ায় জড়িয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। 

তিনি আরও জানান, তার স্বামীর অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। বুধবার সকালে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

আরটিভি/আইএম