বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১২:৩৮ পিএম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন আরমান শেখ নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সন্ধ্যায় শহরের কলেজ বাজারে নিজ বাড়িতে মায়ের হাতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি।
আরমান শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানায় মাদক-সংক্রান্ত প্রায় এক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গোসল শেষে আরমান জানান, তিনি অতীতের সব ভুল থেকে শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না। তিনি সৎভাবে জীবিকা নির্বাহ করে সমাজের মূলধারায় ফিরে আসতে চান।
এ সময় এলাকাবাসীর অনেকে তার এ সিদ্ধান্তকে স্বাগত জানান। তবে অনেকের মতে, কেবল ঘোষণাই নয়— ভবিষ্যতের কর্মকাণ্ডই প্রমাণ করবে তিনি সত্যিই মাদক ব্যবসা থেকে সরে এসেছেন কি-না।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, পুলিশের সচেতনমূলক সভা এবং অাইনের কঠোরতার কারণে আরমান হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন।
আরটিভি/এমএইচজে