বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০১:২৫ পিএম
গাজীপুরে চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার পলাতক প্রধান হাসিবুল হাসান নাঈমকে (২১) আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ সিপিসি-২ নবীনগর ক্যাম্পের একটি অভিযানিক দল।
বুধবার (২১ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের অধিনায়ক।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানী এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার বাসিন্দা নাইম মাঝি (২৪), চট্টগ্রাম বসবাস করে দৈনিক মজুরির ভিত্তিতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত ২৪ সালের অক্টোবর মাসের ১০ তারিখ বিকেলে কাজের সন্ধানে যাচ্ছে বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও ভাই বাসায় ফিরে না আসায় মৃতের ভাই তার ব্যবহৃত মোবাইল একাধিকবার ফোন করলে তাকে পাওয়া যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ভাইকে না পেয়ে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানার গিয়ে জিডি করেন তিনে। খোঁজাখুঁজির একপর্যায়ে চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী থানা পুলিশের মাধ্যমে জানতে পারেন গাজীপুর মহানগরীর সদর থানাধীন সামান্তপুর এলাকায় আফজাল হোসেনের রূপালী হ্যাচারির দক্ষিণ পাশে এরশাদের ধানী জমিতে নাইমের রক্তমাখা ক্ষতবিক্ষত মরদেহের সন্ধান পাওয়া যায়।
গাজীপুর সদর থানায় মামলাটি রুজু হওয়ার পরই চাঞ্চল্যকর ক্লু-লেস নৃশংস হত্যা মামলার ঘটনার ছায়াতদন্তে নামে র্যাবের অভিযানিক গোয়েন্দা দল। তারই ধারাবাহিকতায় প্রধান আসামি হাসিবুল হাসান নাঈমকে আশুলিয়ার জিরানি এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে