বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০২:১৫ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই একটি ষাঁড় গরুও উদ্ধার করা হয়।
বুধবার (২২ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই রাতে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) তার গোয়াল ঘরে সাতটি গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে উঠে তিনি দেখতে পান একটি কালো রঙের প্রায় ১৮ মাস বয়সী ষাঁড় গরু নিখোঁজ। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গভীর রাতে অজ্ঞাত এক ব্যক্তি গরুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর দিকনির্দেশনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযানে নামে।
অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার (২১ জুলাই) রাতে শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. মাহিদুল ইসলাম (৩৭) ও মো. সোহেল ব্যাপারী (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ এলাকার একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত গরুটি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। গরুচোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমএইচজে