বুধবার, ২২ জুলাই ২০২৬ , ০২:২৮ পিএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যালয় থেকে অপহৃত ওয়াসিফা জান্নাত তাসকিন (৭) নামে এক শিশুকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপহরণে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৫৫।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা ইমাম আজম আবু হানিফা (র.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ওয়াসিফা জান্নাত তাসকিন গত ২০ জুলাই সকালে প্রতিদিনের মতো স্কুলে যায়। ছুটি শেষে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শিশুটির এক সহপাঠী জানায়, এক ব্যক্তি নিজেকে অটোরিকশাচালক পরিচয় দিয়ে তাসকিনকে বলেন- তার বাবা হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। ওই প্রতারণামূলক কৌশলে শিশুটিকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শিশুর বাবা দেলোয়ার হোসেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দিন-রাতব্যাপী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত শিশু তাসকিনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একইসঙ্গে অপহরণে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ফয়সাল ভিকটিমের বাবার আপন মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে তার বাবার কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। এ কাজে পরিচিত কয়েকজন অটোরিকশাচালককে সম্পৃক্ত করেন এবং মুক্তিপণের অর্থ ভাগ করে দেওয়ার আশ্বাস দেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে