images

দেশজুড়ে

ঝুটবোঝাই দুই ট্রাক ডাকাতি

বুধবার, ২২ জুলাই ২০২৬ , ১০:২১ পিএম

পাবনার ঈশ্বরদীতে অস্ত্রের মুখে চালক-হেলপারকে জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযান চালিয়ে ট্রাক দুটি ঝুটসহ উদ্ধার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল এলাকায় লালন শাহ সেতুর সংযোগ সড়কের পাশে বাবু মন্ডলের ওজন স্কেলে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানা থেকে ঝুটবোঝাই ছয়টি ট্রাক বের করা হয়। পরে পাকশীর দিয়াড় বাঘইলে একটি ওজন স্কেলে ট্রাকগুলোর ওজন মাপা হচ্ছিল। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রের মুখে ট্রাকচালক, হেলপার ও স্কেলের কর্মচারীদের জিম্মি করে ঝুটবোঝাই দুটি ট্রাক ছিনিয়ে নেয়। 

এ ঘটনায় জিয়াউল হাসান বিপ্লব নামে এক ব‍্যক্তি বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন
wrfd

বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, যা মিলল

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, এটি একটি পরিকল্পিত ডাকাতি। ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল এতে অংশ নেয়। খবর পেয়ে রাতভর অভিযান চালিয়ে ঝুট বোঝাই দুটি ট্রাক ও চালকদের উদ্ধার করা হয়েছে। অভিযানের আগেই ডাকাত চক্রের সদস্যরা একটি প্রাইভেট কারে পালিয়ে যায়। তবে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস