images

দেশজুড়ে

বাঁওড়ে ভাসছিল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০২:২৬ পিএম

যশোরে নিখোঁজের দুই দিন পর এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মনিরামপুর উপজেলার পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহাসিন মোল্লা (২৩) উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের চালুয়াহাটি গ্রামের জাহেদ মোল্লার ছেলে। গত মঙ্গলবার তিনি সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যান ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মরদেহ বাঁওড়ে ফেলে দেয়। পরে মরদেহটি ভেসে এসে রামপুর ঘাটের একটি বাঁশঝাড়ে আটকে যায়। তবে এ বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

নিহতের বড় ভাই মিলন মোল্লা বলেন, মঙ্গলবার বিকেলে মহাসিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার আগে শয়লা বাজারে তার সঙ্গে আমার শেষ দেখা হয়। তখন সে আমাকে বলে, ‘বড় ভাড়া ধরে আসি’। এরপর তার আর কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে আজ সকালে বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামপুর ঘাট এলাকায় বাঁওড়ে মহাসিনের মরদেহ ভেসে থাকার খবর পাই।

আরও পড়ুন
Web-Image5

বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, ১২ গাছসহ নারী ধরা

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, বাঁওড় থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার ব্যবহৃত ভ্যানটি এখনও উদ্ধার হয়নি। 

তিনি আরও বলেন, মরদেহ ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। 

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরটিভি/আইএম