বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৪:৪৩ পিএম
রাঙামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় এক অস্ত্রধারী চাঁদা সংগ্রাহককে (কালেক্টর) হাতেনাতে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম ছিপন (২৬)। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা দল) সংগ্রাহক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিপন দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় সাধারণ কৃষক ও অধিবাসীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদার দাবি করা টাকা না পেলে তিনি স্থানীয় কৃষকদের সবজি বাগান নষ্ট করাসহ নানাভাবে কৃষি কাজে বাধা ও হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আজ সকালে ছিপন পুনরায় ওই এলাকার কৃষকদের কাছ থেকে চাঁদা তুলতে গেলে অতিষ্ঠ ও ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রসিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উপস্থিত উত্তেজিত জনতা আটক ছিপনকে বিজিবির একটি টহলদলের কাছে সোপর্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে