images

দেশজুড়ে

স্কুলশিক্ষিকার বাসা থেকে গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ০১:৩০ এএম

ফেনীর পরশুরাম উপজেলায় কাদের টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে প্রিয়া (১৫) নামে এক গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ভবনের তিনতলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত প্রিয়া ফেনী পৌর এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে পৌরসভার কেতরাঙ্গা মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহেদা আক্তার তিমু ও বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ তালবাড়ীয়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন তালুকদার দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিল। এই পরিবার কাদের টাওয়ারে একটি ফ্ল্যাটে ভাড়াটে হিসেবে বসবাস করছেন।

আরও পড়ুন
Web-Image---Copy

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত ফেনীর ব্যবসায়ী আব্দুল হক গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুলশিক্ষিকা জাহেদা আক্তার তিমু স্কুল থেকে ফিরে এসে দেখেন কক্ষের ভেতর থেকে দরজা লাগানো। অনেকক্ষণ ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কি করার পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন প্রিয়ার গলায় ফাঁস দেওয়া এবং ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরে খবর দিলে সংশ্লিষ্ট থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা প্ররোচনা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/ এসকেডি