শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:৫৪ এএম
খুলনায় একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে লবণচরা থানার ইসলামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন লবণচরা থানার আমতলা এলাকার শাহজাহানের ছেলে নাজিম ওরফে নাদিম (৩০) ও ইসলামপাড়া এলাকার আব্দুর রহমান মিয়াজির ছেলে মাসুদ রানা (৩৭)।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় লবণচরার ইসলামপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে গ্রেপ্তার নাজিমের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, একটি খালি কার্তুজ ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/আইএম