শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০১:২৩ পিএম
নওগাঁ শহরের ডিগ্রি কলেজ এলাকার ‘জননী’ নামর একটি ছাত্রাবাস থেকে ইমন হোসেন (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ ওই ছাত্রাবাসের একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
নিহত ইমন মান্দা উপজেলার মাগুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও মেস সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মেসে ফেরেন ইমন। রাতে অন্যান্য সহপাঠীর সঙ্গে রাতের খাবার শেষ করে নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন শনিবার সকাল গড়ালেও কক্ষের দরজা না খোলায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে কোনো উপায় না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ইমনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুনিরাজ্জামান বলেন, ৯৯৯-এ সংবাদ পাওয়ার পরপরই আমরা গিয়ে মরদেহ উদ্ধার করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হলে তারা হাসপাতালে পৌঁছেছেন।
ওসি আরও জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হওয়া যাবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে