শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০১:২৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের শিকার চার বছরের এক শিশুকে হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেলে (ওসিসি) পাঠানো হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওসিসিতে নেওয়া হয়।
সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) স্বপন কুমার সরকার।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে একটি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই গ্রামের মুছা মণ্ডলের ছেলে জিহাদ মণ্ডল প্রতিবেশীর চার বছরের শিশুকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এদিকে শিশুটিকে বাড়িতে না দেখে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্ত জিহাদের ঘর থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে শুক্রবার সকালে এ ঘটনায় একটি মামলা করে ভুক্তভোগী শিশুর পরিবার। পরে বিকেলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শজিমেকের ওসিসিতে নেওয়া হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, ভুক্তভোগীর পরিবার একটি মামলা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি। ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসাসহ পরবর্তী অন্যান্য সহায়তার জন্য শজিমেক হাসপাতালের ওসিসি নেওয়া হয়েছে।
আরটিভি/এসএস