images

দেশজুড়ে

ঝালকাঠিতে চুরি করতে গিয়ে গৃহবধূকে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০১:৪৩ পিএম

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যা মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পুলিশ সূত্রে জানা গেছে, এ মামলার প্রধান আসামি রিতোষ একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া। তিনি স্ত্রী পল্লবী রায় ও এক সন্তানকে নিয়ে সেখানে বসবাস করতেন। তদন্তে জানা গেছে, ঘটনার দিন রথযাত্রা উপলক্ষ্যে ভবনের অধিকাংশ বাসিন্দা কীর্তিপাশায় গেলে রিতোষ পূর্বপরিকল্পনা অনুযায়ী তার সহযোগী জুয়েল (নয়ন) ডাকুয়ার সঙ্গে সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে বাড়ির দ্বিতীয় তলায় মালিক তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। দরজা ভাঙার সময় গৃহবধূ মলিনা রায় টের পেয়ে রিতোষকে চিনে ফেলেন। এ অবস্থায় ধরা পড়ার ভয়ে দুই আসামি মলিনা রায়ের মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে একটি বাজারের ব্যাগ মুখে গুঁজে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে রিতোষ নিজের বাসাও এলোমেলো করে রাখেন, যাতে সেটিও চুরির শিকার হয়েছে বলে মনে হয়। হত্যাকাণ্ডের পর তারা বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যান। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় রিতোষকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এদিকে মামলার অপর আসামি নয়ন ডাকুয়াকে ঢাকায় অভিযান চালিয়ে র‌্যাব গ্রেপ্তার করেছে। পরে তাকে ঝালকাঠি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।    

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং মামলার পরবর্তী কার্যক্রম চলছে।

আরটিভি/এমএইচজে