images

দেশজুড়ে

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০১:৫৯ পিএম

কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে 'কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বদলির আদেশ বাতিল এবং সংশ্লিষ্ট সাত শিক্ষককে পুনর্বহালের দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে আগে থেকেই শিক্ষক সংকট রয়েছে। নতুন শিক্ষক নিয়োগ বা পদায়ন না করেই একযোগে সাত শিক্ষককে বদলি করায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও আত্মঘাতী উল্লেখ করে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত ওই সাত শিক্ষককে পুনর্বহাল এবং প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক পদায়নের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন
Web-Image---Copy

৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আটক

উল্লেখ্য, চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় গত ১৩ জুলাই টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার সৃষ্টি হয়। হাঁটুরও বেশি পানি মাড়িয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষায় অংশ নিতে হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষসহ সাত শিক্ষককে দেশের বিভিন্ন জেলায় বদলির আদেশ জারি করা হয়। এরপর থেকেই ওই সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আরটিভি/এমএইচজে