শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ০৩:০৭ পিএম
খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টিসহ মোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেনের সহযোগিতায় অভিযান চালায় পুলিশ। এ সময় লবণচরা থানার সাচিবুনিয়া বাজারের বন্ধু চার্জিং পয়েন্ট থেকে ৭টি এবং যমুনা চার্জিং পয়েন্ট থেকে ১টিসহ সর্বমোট ৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চার্জিং পয়েন্ট বা গ্যারেজের মালিক উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মালিকানা সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
সহকারী এই পুলিশ কমিশনার আরও জানান, মোটরসাইকেলগুলো বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে অথবা দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে লবণচরা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম