images

দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০:৪৮ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী 'কুমিল্লা' নামের ফেরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেরিটি থামিয়ে ও ঘুরিয়ে ওই নারীকে উদ্ধারের চেষ্টা করা হলেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার জানান, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝনদীর লাল বয়া এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে তিনি জানতে পারেন, এক নারী ফেরির পেছনের অংশ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। যদিও তিনি নিজে ঘটনাটি প্রত্যক্ষ করেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটি থামিয়ে ঘটনাস্থলে ফিরে আলো ফেলে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়, কিন্তু নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন। তার সঙ্গে অন্য কোনো যাত্রী বা স্বজন ছিলেন না বলে অন্যান্য যাত্রীরা জানিয়েছেন। পরে বিষয়টি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি কর্তৃপক্ষ ও নৌপুলিশকে জানানো হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেই স্পিডবোট নিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ফেরি থেকে নারী ঝাঁপ দেওয়ার খবর পাওয়ার পরপরই ফেরিটি ঘুরিয়ে অনুসন্ধান চালানো হয় এবং পরে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়।

অন্যদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন।

নিখোঁজ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

আরটিভি/এসকে