শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১১:০৬ পিএম
সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে একটি বাঘিনীর দেখা মিলেছে। বনকর্মীদের চোখের সামনেই কিছুক্ষণ ঘোরাফেরা করে বাঘিনীটি। এ সময় উপস্থিত বনকর্মীরা মোবাইল ফোনে বিরল এ দৃশ্য ধারণ করেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে শ্যালা নদীর তীর ঘেঁষে বাঘিনীটি বন অফিসের সামনের খোলা জায়গায় এসে কিছুক্ষণ অবস্থান করে। চারপাশ সতর্কভাবে পর্যবেক্ষণ করার পর সেটি আবার বনের গভীরে চলে যায়।
বন বিভাগ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি গত ১৩ জুলাই সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনী নয়; বরং সুন্দরবনেরই অন্য একটি বাঘিনী। বিষয়টি নিশ্চিত হতে বন কর্মকর্তারা নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের চলাচল আগের তুলনায় বেড়েছে। আন্ধারমানিক এলাকায় বন অফিসের সামনে বাঘিনীর উপস্থিতি তারই একটি ইতিবাচক প্রমাণ। তিনি জানান, আট কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করা ২০টি ক্যামেরা ট্র্যাপে নতুন তিনটি বাঘের ছবি ধরা পড়েছে। পাশাপাশি বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও রেকর্ড হয়েছে।
তিনি আরও বলেন, নিয়মিত টহলের সময় বনকর্মীরা আগের তুলনায় বেশি বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন। এসব তথ্য সুন্দরবনে বাঘের সংখ্যা ও স্বাভাবিক বিচরণ বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, রয়েল বেঙ্গল টাইগারসহ সুন্দরবনের অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত করতে নিয়মিত টহল, ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে নজরদারি এবং সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
আরটিভি/টিআর