images

দেশজুড়ে

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৮:৫৯ এএম

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। 

শনিবার (২৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত চারটি পরিবহন। এ সময় দুর্ঘটনাকবলিত তৃতীয় পরিবহন মোটরসাইকেলে পেছনের অন্য যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হন।

এ ঘটনায় অন্য মোটরসাইকেলের আরোহী সৈয়দ নাইমুল হক (৩০) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা গেছেন। তিনি সাভারের পল্লী বিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, সকাল ৯টার দিকে মারাত্মকভাবে আহত অবস্থায় সৈয়দ নাইমুল হককে হাসপাতালে আনা হয়েছিল। বেলা সাড়ে ১২টার দিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এর আগে সকালের দিকের এ দুর্ঘটনায় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা নিহত হন, তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

একই প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী সুজয় সাহা নিহত হন, তিনি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তারা দুজনই একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেট কার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দুটি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। আর ক্ষতিগ্রস্ত হয় চারটি পরিবহনই।

আরও পড়ুন
2

আসামি ধরতে গিয়ে হামলায় ৭ পুলিশ আহত

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আরটিভি/এসএস