images

দেশজুড়ে

বাসের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৭:৫৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মিনিবাসের ধাক্কায় জান্নাতুল মাওয়া নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুল মাওয়া কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার শহিদুল্লাহর মেয়ে এবং মসজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মিনিবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন
8

অনিয়ম-দুর্নীতির আখড়া হবিগঞ্জ জেলা কারাগার!

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক মিনিবাসটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি/টিআর