images

দেশজুড়ে

তিন দিনের ব্যবধানে ফের বাঘের দেখা

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০৯:৩৫ পিএম

মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। এবার বাঘটিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকায় নদী সাঁতরে চলাচল করতে দেখা গেছে।

রোববার (২৬ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে বন বিভাগের টহলরত বোটের সামনে নদীতে নামে বাঘটি। এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার উদ্দেশ্যে সাঁতার শুরু করলেও বোটের শব্দ পেয়ে কিছুক্ষণ পর আবার জঙ্গলের দিকে ফিরে যায়।

বিরল এ দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করেন বন বিভাগের বোটচালক সাইফুর রহমান (বিএম)। পরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অল্প সময়ের মধ্যেই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক পর্যটন কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির আশপাশে একটি বাঘিনীকে ঘোরাফেরা করতে দেখেছিলেন বনরক্ষীরা। ওই ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরপর দুই ঘটনায় সুন্দরবনে বাঘের উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বন্যপ্রাণীপ্রেমী, পর্যটক ও বন কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক সময়ে বাঘের এমন দৃশ্য চোখে পড়া সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণের ইতিবাচক ইঙ্গিত বহন করে।

আরও পড়ুন
15

ছাদবাগানে ঢুকেছিল অপরূপ সুন্দর কাল নাগিনী সাপ, অতঃপর...

ঘটনাস্থলে থাকা শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান বলেন, নিয়মিত টহলের সময় হঠাৎ একটি বাঘকে বন থেকে নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায়। বাঘটি প্রায় নদীর মাঝামাঝি চলে গিয়েছিল। তবে টহল বোটের শব্দ শুনে আবার ফিরে যায়। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তাই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, সুন্দরবনের বাঘের জন্য নদী বা খাল সাঁতরে পার হওয়া স্বাভাবিক আচরণ। খাদ্যের সন্ধান, এলাকা পরিবর্তন কিংবা অন্যান্য প্রাকৃতিক প্রয়োজনেই তারা নিয়মিত জলপথ অতিক্রম করে। তবে টহলরত অবস্থায় এত কাছ থেকে এমন দৃশ্য খুব কমই দেখা যায়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে তিন মাসের বনবন্ধ মৌসুম চলমান থাকায় বনজীবী, পর্যটক ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। ফলে মানবচাপ কমে যাওয়ায় বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী আরও স্বাভাবিকভাবে বিচরণ করতে পারছে। একই সঙ্গে বন বিভাগের কঠোর নজরদারির কারণে বন অপরাধও উল্লেখযোগ্যভাবে কমেছে। সংশ্লিষ্টদের মতে, এসব কারণে সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের দেখা পাওয়ার ঘটনাও তুলনামূলকভাবে বেড়েছে।

আরটিভি/টিআর