সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৩:৫১ পিএম
নড়াইলে সড়ক দুর্ঘটনায় মনির কাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চিত্রা সেতুর পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে লোহাগড়া থেকে মনির কাজীসহ ৩ জন একটি নসিমনযোগে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুরার গরুর হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে গাড়িটি চিত্রা সেতুর পূর্ব প্রান্তে ওঠার সময় সেতুর লোহার স্প্যানে মনির কাজীর থুতনিতে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক ডা. শামীম আক্তার জানান, রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় থুতনি ও মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আহত মিলন খানকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, চিত্রা সেতুতে ওঠার সময়ে নসিমনটির গতি কিছুটা বেশি ছিল। সেতুর লোহার বারের সঙ্গে ধাক্কা লেগে থুতনিতে ব্যাপক আঘাত পান মনির কাজী। এতে ঘটনাস্থলেই তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হবে না বলে জানানো হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/আইএম