images

দেশজুড়ে

সীমান্তের যুবকদের দক্ষ করতে প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১:৫৩ পিএম

সীমান্ত এলাকার বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং চোরাচালানসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে’ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক অংশ নিচ্ছেন।

মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেওয়া যুবকদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ত্রুটি শনাক্তকরণ, মেরামত, রক্ষণাবেক্ষণসহ আধুনিক মোবাইল সার্ভিসিংয়ের ওপর তাত্ত্বিক ও হাতে-কলমে শিক্ষা দেয়া হবে। প্রশিক্ষণার্থীরা জানান, এই দক্ষতা অর্জনের মাধ্যমে তারা চাকরির পেছনে না ছুটে নিজেরাই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন।

আরও পড়ুন
Web-Image---Copy

চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সীমান্তবর্তী জনপদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে