মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৯:০৯ এএম
সিলেটে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কাজিরবাজার সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিফাত আহমেদ (১৫) নগরীর খাসদবীর এলাকার মিজবাহ উদ্দিনের ছেলে। সে দ্বীপশিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার উপরগ্রাম এলাকার মানিক হাজীর ছেলে রবিউল হাসান (১৬), এয়ারপোর্ট থানার আম্বরখানা মজুমদাদি এলাকার সাহাবুলের ছেলে সাব্বির (১৬) ও ইলেকট্রিক সাপ্লাই এলাকার সামিউল (১৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে দক্ষিণ সুরমার একটি ইনডোর স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় রিফাত। খেলা শেষে সহপাঠীদের সঙ্গে বাসায় ফেরার পথে কাজিরবাজার সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
এ সময় রিফাতকে ছুরিকাঘাত করা হলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আরও তিন কিশোর আহত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর একটি ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা নিয়ে রিফাতসহ কয়েকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, নিহত রিফাতসহ কয়েকজন কিশোর দক্ষিণ সুরমার ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলে ফিরছিল। সেখানে পূর্ববর্তী কোনো বিরোধ বা ঝামেলার জের থাকতে পারে। ফেরার পথে সেলফি ব্রিজের দক্ষিণ প্রান্তে রিফাতকে ছুরিকাঘাত করা হয়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত হওয়ায় ওই থানা পুলিশ তদন্ত করছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, বিষয়টি নিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসাপাতালে রয়েছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম