images

দেশজুড়ে

১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি ধরা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১০:৪১ এএম

গাজীপুরের শ্রীপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার ভাড়া বাসার কক্ষ থেকে ১৪ হাজার ৪’শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়ের) এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সে একাধিকবার গ্রেপ্তার হলেও কারাভোগ শেষে জামিনে বের হয়ে আবার মাদক ব্যবসা শুরু করে। এলাকায় জাহাঙ্গীর মাদক সম্রাট হিসেবে পরিচিত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে কেওয়া পশ্চিম খণ্ডের (প্রশিকা মোড়ের) দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ। পরে দক্ষিণ পাশের ফ্ল্যাটের উত্তর পূর্ব কোণার বেডরুম থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়। এরপর তার ঘর তল্লাশি করে কালো রঙের ব্যাগে রাখা ১৪ হাজার ৪’শ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। জাহাঙ্গীর এলাকার চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরও পড়ুন
Web-Image9

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, থেঁতলে গেছে নারীর দুই পা 

তিনি আরও বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেওয়া পশ্চিম খণ্ড (পিয়ার আলী কলেজ) এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে মাদক সম্রাট জাহাঙ্গীরের নেতৃত্বে ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হন। ওই সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। সম্প্রতি জাহাঙ্গীর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করে। পরে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে জাহাঙ্গীরকে গাজীপুর আদালতে পাঠানো হবে। 

আরটিভি/আইএম