images

দেশজুড়ে

মঠবাড়িয়ায় ইলিশের দামে ‘আগুন’ 

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০২:৪৮ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন বাজারে ইলিশের দাম সাধারণ ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। এক কেজি বড় ইলিশ কিনতে গুনতে হচ্ছে ৩ হাজার টাকারও বেশি, যে অর্থে চার কেজিরও বেশি গরুর মাংস কেনা সম্ভব। শুধু ইলিশ নয়, প্রায় সব ধরনের মাছের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দক্ষিণ বন্দর বাজার, তুষখালী বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। আর এক কেজি বা তার বেশি ওজনের বড় ইলিশের দাম ৩ হাজার টাকারও বেশি। অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি থাকায় সাধারণ ক্রেতারা কাঙ্ক্ষিত পরিমাণে মাছ কিনতে পারছেন না।

আরও পড়ুন
Web-Image---Copy

অভিনব কায়দায় গাঁজা চাষ করছিলেন লোকমান, অতঃপর...

দক্ষিণ বন্দর বাজারে মাছের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতা মেহেদী হাসান বলেন, ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। দাম শুনেই অনেকেই ফিরে যাচ্ছেন। সংসারের অন্যান্য খরচ সামলে এত দামে মাছ কেনা সম্ভব নয়।

পুরান ফিশ মার্কেটে বাজার করতে আসা তারিকুল ইসলাম বলেন, আগে মাঝেমধ্যে ইলিশ কিনতাম। এখন এক কেজি ইলিশের দামে চার কেজি গরুর মাংস পাওয়া যায়। তাই ইলিশ কেনার চিন্তাই বাদ দিয়েছি।

মাছ বিক্রেতা বেল্লাল হোসেন বলেন, বর্তমানে বাজারে ইলিশের আমদানি কম থাকায় দাম বেড়েছে। পাশাপাশি অন্যান্য মাছ পরিবহনের খরচও বৃদ্ধি পেয়েছে। আমরা খুব সামান্য লাভ রেখে মাছ বিক্রি করছি।

বাজার ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপস্থিতি থাকলেও অধিকাংশই মাছের দাম জেনে ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে ছোট আকারের ইলিশ কিনছেন, আবার অনেকে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে তুলনামূলক কম দামের মাছ বেছে নিচ্ছেন।

আরটিভি/এমএইচজে